Last update
Loading...

ক্রিকেটার সানির জামিন মঞ্জুর

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। মামলার বাদী তরুণী সানির জামিনে আপত্তি নেই বলে জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, সানির স্ত্রী বলে দাবি করা ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। তিনি আদালতকে বলেছেন, সানির সঙ্গে তার সমঝোতা হয়েছে। তারা ঘরসংসার করবেন। তাই তার (সানি) জামিনে তার (তরুণী) কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত সানির এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এর আগে সানিকে স্বামী দাবি করা এই তরুণী সানির বিরুদ্ধে আরও দুটি মামলা করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় করা মামলায় তথ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা হয়। সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় সানির মা আগেই জামিন পান। প্রথম দুটি মামলায় সানি কারা
গারে আছেন।

বৃষ্টির হানায় সমাপ্ত তৃতীয় দিন

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়। তবে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করতে পারেনি লঙ্কানরা। বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮২ রানে পিছিয়ে। অধিনায়ক মুশফিকুর রহিম করেন সর্বোচ্চ ৮৫ রান। সপ্তম উইকেটে দারুণ লড়াই করেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। ১৯২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে তারা ১০৬ রানের জুটি গড়েন। এরপর মেহেদি ফেরেন ৪১ রানে। আর মুশফিক করেন ৮৫ রান।
এর আগে তৃতীয় দিনের শুরুতেই ব্যক্তিগত ৭১ রানে ফিরে যান সৌম্য সরকার। এরপর ওয়ানডে স্টাইলে খেলা সাকিব আল হাসানও ফেরেন। অল্প রানে আগের দু’জনের পথ ধরেন মাহমুদুল্লাহ (৮) ও লিটন কুমার দাসও (৫)।
শ্রীলঙ্কার ৪৯৪ রানের জবাবে গতকাল বাংলাদেশ ২ উইকেটে ১৩৩ রানে শেষ করে। সৌম্য সরকার ৬৬ ও মুশফিকুর রহীম ১ রানে অপরাজিত ছিলেন। আজ সৌম্য আর ৫ রান যোগ করে ৭১ রানে ফেরেন। এরপর সাকিব আল হাসান ওয়ানডে স্টাইলে ১ ছক্কা ও ১ চারে ১৯ বলে ২৩ রানে ফেরেন।

ইডেন কলেজের হল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

রাজধানীর ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুম থেকে জান্নাতুল ফেরদাউস জীবন (২২) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জীবন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল জানান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুমের ফ্যানে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জীবনকে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সেই অবস্থায় পুলিশ  তার লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

বিজিএমইএ ভবন ভাঙতে রাজউক চেয়ারম্যানকে আইনি নোটিশ

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে ৯০ দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে। রাজউক চেয়ারম্যানকে এই নোটিশ দেন আইনজীবী মনজিল মোরশেদ। আজ তিনি গণমাধ্যমকে বলেন, আদালতের রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবন ভাঙার কাজ শুরু হওয়ার কথা। গত ২৮ ফেব্রুয়ারি ওই সময়সীমা শেষ হয়েছে। কিন্তু ভবন ভাঙতে দৃশ্যমান কোনও উদ্যোগ নেয়নি রাজউক। ইতোমধ্যে রিভিউয়ে আদেশও আমরা পেয়েছি, যেখানে আগের রায় বহাল আছে। এমতাবস্থায় এই ভবন না ভাঙার আর কোনও যৌক্তিকতা নেই। এরপরও উদ্যোগ না নেওয়ার কারণে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গত ২ মার্চ সকালে বিজিএমইএর বহুতল ভবন সরাতে সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন আদালত। গত বুধবার বিজিএমইএ তিনবছর সময় চেয়ে একটি আবেদন করে।
গত ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে তা ৯ মার্চের মধ্যে জানিয়ে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন। গত বছরের ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদন করেছিল বিজিএমইএ।